ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন শামীমের ব্যবহৃত ল্যাপটপ ও তার মায়ের মোবাইল ফোন জব্দ করেছে
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার রাতে শামীমকে নিয়ে চরচান্দিয়া ইউনিয়নের ভূঞাবাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক (ওসি) মো. শাহ আলম জানিয়েছেন।
নুসরাত হত্যা মামলার তিন নম্বর আসামি শাহাদত হোসেন শামীমকে ১২ এপ্রিল ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করে পিবিআই। ১৪ এপ্রিল জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে নুসরাত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন শামীম। তার জবানবন্দি যাচাই করার জন্য ২৫ এপ্রিল একই আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠায়।
২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার আলিমের ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাকে আটক করে পুলিশ। মামলা প্রত্যাহার না করায় ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান নুসরাত। এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামালা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আট আসামিসহ এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই।