সের্হিও আগুয়েরোর একমাত্র গোলে বার্নলিকে হারিয়ে লিভারপুলকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে রোববার ইংল্যান্ডের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় সিটি। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন আগুয়েরো। এই নিয়ে লিগে টানা ১২ ম্যাচে জয় পেল গত আসরের চ্যাম্পিয়নরা।
এই জয়ে সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৩৬ ম্যাচে ৯২। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে লিভারপুল। এমন অবস্থায় নিজেদের শেষ দুই ম্যাচে লেস্টার সিটি ও ব্রাইটন অ্যালবিয়নকে হারালেই শিরোপা জিতবে সিটি। এর মধ্যে লিভারপুল তাদের দুই ম্যাচে হোঁচট খেলে গুয়ার্দিওলার দলের শিরোপা জেতা আরও সহজ হয়ে যাবে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় সিটি। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি তারা।
এগিয়ে যেতে পারতো বার্নলিও। দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন কিউই ফরোয়ার্ড ক্রিস উড। তার শট নেওয়ার আগেই বল নিয়ন্ত্রণে নেন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন।
দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়ায় সিটি। ৬৩তম মিনিটে কাঙিক্ষত গোলের দেখা পায় তারা। বের্নার্দো সিলভার ক্রসে ছোট ডি-বক্সে বল পান আগুয়েরো। বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। চলতি লিগে এই নিয়ে তার গোল দাঁড়িয়েছে ২০টি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা পাঁচ মৌসুমে ২০ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখালেন এই আর্জেন্টাইন। এর আগে কেবল ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি এমন কৃতিত্ব দেখিয়েছিলেন।