বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন হেলস

আনন্দ বর্ধক ড্রাগ সেবনের জন্য ২১ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল অ্যালেক্স হেলসকে। এবার বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ পড়তে হলো তাকে।

ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে থাকলেও হেলস হঠাৎই ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। অনির্দিষ্ট সময়ের জন্য সরে দাঁড়ানোর কারণ হিসেবে অবশ্য ব্যক্তিগত দিকটিকে সামনে এনেছিলেন ৩০ বছর বয়সী ক্রিকেটার।

পরে জানা যায় নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন হেলস। এরপর ২১ দিনের নিষেধাজ্ঞার পর বিশ্বকাপ থেকেও বাদ পড়তে হেলো এই ওপেনারকে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পুরুষদের ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলি জাইলস জানিয়েছেন, ‘‘আমরা অনেক ভেবেছি এটা নিয়ে। ইংল্যান্ড দলে সঠিক পরিবেশটা বজায় রাখার চেষ্টা চালাচ্ছি আমরা। দলের জন্য যেটা ভালো সেটাই করা হয়েছে। দলের কারো মন যেন মাঠের বাইরের বিষয়ের দিকে না যায় এ জন্যই এই সিদ্ধান্ত।’’

শুধু বিশ্বকাপ দলই নয়, হেলসকে একই সঙ্গে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকেও বাদ দিয়েছে ইসিবি। তবে তার ক্যারিয়ার যে এখানেই থামছে না সেটিও জানিয়ে দিয়েছেন অ্যাশলি জাইলস।

“আমি এটা পরিষ্কার করতে চাই যে, ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে এটা অ্যালেক্সের ক্যারিয়ারের শেষ নয়।’’