মানিকগঞ্জের সাটুরিয়ায় হিন্দু পরিবারের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাইলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়।
তিনি সোমবার বিকেল ৩টার দিকে সাটুরিয়া বসাক পাড়ায় যুবলীগের হামলার স্বীকার দিপক বসাকের বাড়ি আসেন। সেখানে তার স্ত্রী টুম্পা বসাকসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
পরে নিপুণ রায় সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার অগণতান্ত্রিক পন্থায় দেশ অরাজকতা সৃষ্টি করেছে। তাই সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দিনদুপুরে টুম্পা বসাকসহ তাদের ওপর হামলা চালিয়েছে। দেশে আইনের শাসন থাকলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না।
তিনি আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে পুলিশের প্রতি আহ্বান জানান।
নিপুণ রায় এ সময় ‘প্রতিটি হিন্দু পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে’ বলে অভিযোগ করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সাটুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল বাশার সরকার, সাধারণ সম্পাদক বসির উদ্দিন ঠান্ডুসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তার সহযোগী শাহিনকে নিয়ে সাটুরিয়া বসাক পাড়ার দিপক বসাকের বাড়িতে হামলা করে। এতে ছয়জন আহত হয়।
শনিবার রাতেই দিপক বসাক আব্দুল খালেককে আসামি করে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।