অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
রবিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া মাছ বাজার এলাকায় গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অগ্নিসন্ত্রাসসহ যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
খাদ্যমন্ত্রী বলেন, গত এক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড চালাচ্ছে। এসব নাশকতা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কোথাও সন্দেহজনক ব্যক্তি বা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে দেখা গেলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ অনিক ইসলাম, বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা। ।