নওগাঁর মহাদেবপুর উপজেলার দড়িয়াপুর গ্রামে একই সাথে পিতা ও পুত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন দড়িয়াপুর গ্রামের বাসিন্দা অরুণ কুমার কুণ্ড(৬০) ও তার ছেলে চন্দন কুমার কুণ্ড (২৫)।
মহাদেবপুর থানা পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানায়, মহাদেবপুর সদর ইউনিয়নের শিবগঞ্জ মোড়ে তাদের দোকানে রাতের খাবার খেয়ে দড়িয়াপুর গ্রামে গিয়ে ঘুমানোর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পরেন অরুণ ও চন্দন।
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাত ১২ টার দিকে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অরুণ। পরে চন্দনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. দেবাশিস জানান, প্রচণ্ড বমি ও পাতলা পায়খানার কারণে বাবা-ছেলে দুজনেই অজ্ঞান হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা যান।
এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।