খুলনায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

এসআই এসএম রায়হান বলেন, দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম

খুলনার ফুলবাড়ীগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে প্রথম দুর্ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণ এবং সকাল ৯টার দিকে দ্বিতীয় দুর্ঘটনায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন সিয়াম। তার বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। পরে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়ি মেইন গেটে পৌঁছান তিনি। সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। এতে তার একটি পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়।

রেলওয়ে থানার এসআই এসএম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত