বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কর্মকর্তাকে মাথায় পিস্তল ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় জাহিদুল ইসলাম চঞ্চল (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে শহরতলির দৌলতদিয়াড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে পুলিশ প্রদর্শন করা অস্ত্র, চারটি গুলি ও সাত বোতল ফেনসিডিল উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, গত ২৫ এপ্রিল চঞ্চলসহ পাঁচ-ছয়জন দুর্বৃত্ত দৌলতদিয়াড় গ্রামে অবস্থিত বিএডিসির অফিসে ঢুকে উপপরিচালক মোরশেদুল ইসলামের মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। হত্যাচেষ্টার এ দৃশ্যটি অফিসের সিসি ক্যামেরায় রেকর্ড হয়। ঘটনার দিনই বিএডিসির উপপরিচালক মোরশেদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দেন। সঙ্গে জমা দেন সিসি ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও ফুটেজ।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে নামে। এর এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চঞ্চল বিএডিসির কর্মকর্তাকে হত্যার হুমকিতে প্রদর্শন করা অস্ত্রের সন্ধান দেয়। পরে রাত সোয়া ২টার দিকে সদর উপজেলার হাতিকাটা গ্রামে তার নিজের একটি গোডাউন থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও সাত বোতল ফেনসিডিল উদ্ধার করে সদর থানা পুলিশ।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাকে হুমকি, অস্ত্র গুলি ও ফেনসিডিল রাখার অভিযোগে জাহিদুল ইসলাম চঞ্চলের নামে মামলা করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার দুপুরে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।