মাগুরায় বাল্যবিয়ের আয়োজন

বর, পুরোহিতসহ কারাগারে ৪

মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়ি গ্রামের একটি বাড়িতে গত রবিবার রাতে অভিযান চালিয়ে বাল্যবিয়ের আসর থেকে বর ও পুরোহিতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়ে কারাগারে পাঠায়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, ‘রবিবার গোপন সূত্রে জানতে পারি পাটকেলবাড়ি গ্রামের ওই বাড়িতে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১৩) বাল্যবিয়ের শিকার হচ্ছে। পারিবারিকভাবে ওই বিয়ে সম্পন্ন হচ্ছে। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। বিয়ের আসর থেকে ফরিদপুর জেলার চ-ীপুর গ্রামের বর সুব্রত সরকার (২২), কনে এবং পুরোহিতসহ বিয়ের সঙ্গে সংশ্লিষ্টদের আটক করে থানায় নিয়ে আসা হয়।’

গতকাল সোমবার দুপুরে ইউএনও নিজ কার্যালয়ে ভ্র্যামমাণ আদালতের মাধ্যমে বর সুব্রত সরকারকে ৭ দিন, বরের ভগ্নিপতি বাসুদেব সরকারকে ৫ দিন, মেয়ের ঠাকুরদাকে ৫ দিন ও পুরোহিত বিকাশ চৌধুরীকে ৩ দিনের কারাদ-ের আদেশ দেন। তাদের কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে দেখাশুনার জন্য একটি এনজিওকে দায়িত্ব দেওয়া হয়েছে।