আশুলিয়ায় অপহরণের তিন দিন পর আবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো এরশাদ হোসেন মাসুম (৩২) ও আমির হোসেন (২৮)। উদ্ধার আবুল হোসেন গাজীপুরের কাশিমপুর থানার তেঁতুইবাড়ী এলাকার বাসিন্দা। তিনি গার্মেন্টস ব্যবসা করেন।
আবুল হোসেনের স্ত্রী রুবিনা আক্তার জানান, গত শুক্রবার বিকেলে আশুলিয়া বাজার এলাকা থেকে কয়েকজন তার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর মুঠোফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, আবুল হোসেনের মোবাইল ফোন ট্র্র্যাকিংয়ের মাধ্যমে রবিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় মাসুম ও আমিরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ওসি।