ত্বকের সবচেয়ে পরিচিত সমস্যাগুলোর একটি হলো একজিমা। এতে ত্বকে জ্বলুনির সঙ্গে সঙ্গে প্রচণ্ড চুলকানি হয়। একজিমা নানা ধরনের হয়। এর মধ্যে অ্যাটপিক একজিমাই বেশি দেখা যায়। এই একজিমা সাধারণত ত্বকের সেই জায়গাগুলোতে হয়, যেখানে সব সময় টান পড়ে। যেমন কনুই, হাঁটুর উল্টো পাশে ইত্যাদি। তবে এটা বুকে, মুখে বা গলাতেও হতে পারে।
লক্ষণ
প্রচণ্ড চুলকানি হয়।
ত্বক লালচে হয়, সঙ্গে জ¦লুনি দেখা দেয়।
ত্বক শুষ্ক হয়ে যায়।
ত্বক ফেটে যায়।
ত্বক শক্ত হয়ে যায়।
শিশুদের হলে
একজিমা বেশির ভাগ ক্ষেত্রেই শৈশবে দেখা দেয় এবং বয়সের সঙ্গে সঙ্গে সেরে যায়। তবে এটি বেশি বয়সেও হতে পারে। বাচ্চাদের একজিমা কনুই, হাঁটু বা গলার ভাঁজে সাধারণত দেখা দিলেও এটা ছড়িয়ে পড়তে পারে সারা শরীরে। বেশির ভাগ ক্ষেত্রে ১৫ বছর বয়সের মধ্যেই একজিমা সেরে যায়। একজিমা হলে ঘাবড়ানোর কিছু নেই।
কারণ
একজিমার কোনো নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত বিশেষজ্ঞরা বের করতে পারেননি। তবে বাবা-মায়ের একজিমা থাকলে বাচ্চারও হওয়ার সম্ভাবনা থাকে। এটা জেনে রাখা প্রয়োজন, একজিমা একেবারেই ছোঁয়াচে নয়। তাই আশপাশের কারও থাকলে আপনার হবে, এমন নয়। তবে একজিমার প্রকোপ বাড়ে এমন কিছু কারণ রয়েছে।
মানসিক চাপ।
অ্যালার্জেন। যেমনÑ পরাগ রেণু, ধুলা, ছত্রাক, পোষা প্রাণীর লোম।
খাবারে অ্যালার্জি। যেমনÑ বাচ্চাদের দুধ বা ডিমে অ্যালার্জি হলে।
প্রসাধনী, কাপড় ধোয়ার সাবান, সাবান ও শ্যাম্পু।
খসখসে কাপড় ও উল।
অতিরিক্ত ঘাম।
তাপমাত্রার পরিবর্তন।
মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় অথবা গর্ভবতী থাকলে।
তাপমাত্রা আর অ্যালার্জি একজিমার ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে। তাই কোনো কিছুতে অ্যালার্জি থাকলে বা অতিরিক্ত গরম বা ঠান্ডায় একজিমার প্রকোপ বাড়ে।
নিজের প্রতি লক্ষ রাখুন
কী কী কারণে আপনার একজিমা বাড়ছে তা ডায়েরিতে লিখে রাখুন, তাহলে কোন কোন উপাদান থেকে দূরে থাকলে সুস্থ থাকা যায়, তা বোঝা সহজ হবে। আপনার একজিমার চুলকানি বাড়লে চেষ্টা করুন নিজেকে সামলাতে। তা না হলে একজিমা আরও বাড়বে এবং আপনার আক্রান্ত ত্বক শক্ত হয়ে যাবে। এ জন্য শিশুদের কাপড় পরিয়ে রাখতে পারেন। আর বড়দের ক্ষেত্রে নখ সব সময় ছোট এবং পরিচ্ছন্ন রাখতে হবে এবং না চুলকিয়ে আঙুলের মাথা দিয়ে আস্তে ওপরে ঘষুন। একজিমা যদি না কমে তাহলে সাবান, শাওয়ার জেল ব্যবহার বন্ধ করতে হবে।
একজিমা খুব বেশি বাড়লে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। পরামর্শমতো ওষুধের সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যাতে আপনার ত্বক নরম থাকে।