‘সত্য জানাতে’ ভারতীয় সাংবাদিকদের বালাকোটে আমন্ত্রণ পাকিস্তানের

পাকিস্তান সেনাবাহিনী আবারও জানিয়েছে, বালাকোটে ভারতীয় বিমান হামলায় কোনো প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়নি। এলাকাটি পরিদর্শনের জন্য প্রতিবেশী দেশের সাংবাদিকদের আমন্ত্রণও জানিয়েছে।

সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে সেনাপ্রধানের মুখপাত্র মেজর জে. আসিফ গফুর বলেন, “আসুন। সত্যটা দেখুন।”

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪০ জওয়ান নিহতের ঘটনায় পাকিস্তানে খাইবার-পাখতুনখাওয়া রাজ্যের বালাকোটে জইশ-ই-মুহাম্মদের স্থাপনায় বিমান হামলার দাবি করে ভারত। এর পরদিন সীমান্তে ভারতীয় বিমান ধ্বংস করে পাাকিস্তান, আটক করে পাইলটকে।

গফুর বলেন, বালাকোট হামলা নিয়ে দুই মাস ধরে ভারত অনবরত মিথ্যা বলে যাচ্ছে। ভদ্রবশত এত দিন এই মিথ্যা নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি তার দেশ।

তিনি আরও জানান, পুলওয়ামা হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয়। তাদের প্রধানমন্ত্রী ইমরান খান প্রমাণ ভিত্তিক তদন্ত ও সংলাপের কথা বলে আসছে শুরু থেকে।

১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ উল্লেখ করে জানান, এখন ১৯৭১ সাল নয়। শক্তি ও পরিস্থিতি বদলে গেছে। কাশ্মীরিদের লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার কথাও জানান।

গফুর জানান, সমাজের মূলস্রোতে নিয়ে আসতে ৩০ হাজার মাদ্রাসাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে সরকার। ইসলামি শিক্ষা বহাল থাকবে, তবে যাতে ঘৃণা ছড়ানো হয়- তাতে জোর দেওয়া হবে।