ডিনারের দাওয়াত না পেয়ে সাকিবের প্রতি সাংবাদিকদের ঘৃণা: শিশির

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণভোমরা সাকিব আল হাসানের প্রতি সাংবাদিকরা ঘৃণা দেখাচ্ছেন এমন অভিযোগ তুলে এর কারণ জানতে চান তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির অভিযোগ করেন, লাঞ্চ বা ডিনারের জন্য দাওয়াত না করায় সাকিব আল হাসানের বিরুদ্ধে সাংবাদিকরা ঘৃণা দেখান।

সোমবার বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব আল হাসানের উপস্থিত থাকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সংবাদমাধ্যমে। তারই পাল্টা হিসেবে সাকিবপত্নি সাংবাদিকদের সমালোচনা করেন।

দীর্ঘ স্ট্যাটাসে শিশির লেখেন, ‘সত্যিই সাংবাদিকদের বিষয়ে আমার কোনো কিছু বলার নেই যে সাকিব আল হাসানের প্রতি তাদের এতো ঘৃণা কেন।’

‘আমি মনে করি, এটা আসলে আমাদের দোষ যে আমরা কখনো তাদের দুপুর বা রাতের খাবারের জন্য দাওয়াত দেইনি। অথবা ঘণ্টার পর ঘণ্টা তাদের সঙ্গে বসে আড্ডা দেইনি কিংবা ভেতরের খবর তাদেরকে বলিনি।’

সাকিবের প্রশংসা করে শিশির লিখেন, ‘সাকিব এই পর্যায়ে আসতে জীবনে অনেক পরিশ্রম করেছে। ছোটবেলা থেকেই, বিকেএসপিতে পড়ার সময় সে শুধু ক্রিকেটেই মনোযোগ দিয়েছে। সে কখনোই অভিনয় করতে শেখেনি এবং মানুষের সহানুভূতি নিয়ে সে খেলতে শিখেনি। আমার মনে হয় এটাই তার শেখার দরকার ছিল। হয়ত এ জন্যই তার ইতিবাচক দিকটা কম চোখে পড়ে। সে লোক দেখানোর জন্য ভালো কাজ করে না।’

বিশ্বকাপের অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিবের না থাকা নিয়ে ব্যখ্যাও দিয়েছেন শিশির।

তিনি লিখেছেন, ‘এখন আসল কথায় আসি। সাকিব কেন দলের বিশ্বকাপ ফটোসেশনে উপস্থিত ছিল না। প্রথমত এটা তার ভুল যে সেখানে উপস্থিত হতে পারেনি। তবে সে ইচ্ছাকৃতভাবে এটা করেনি। সে বার্তাটি পড়তে ভুল করেছিল। পরবর্তীতে সংশ্লিষ্টদের কাছে দুঃখপ্রকাশ করেছে সাকিব। আমিও দুঃখিত যে সেটার প্রমাণস্বরূপ আমরা কোনো ভিডিও করিনি।‘

রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে সাকিবের আচরণ নিয়ে কড়া সমালোচনা হয়। সাকিবপত্নি নির্শিষ্ট সেই টিভি অনুষ্ঠানের সমালোচনা করতেও ছাড়েননি।

বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিবের না থাকা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও হতাশা ব্যক্ত করেছিলেন।