আয়ারল্যান্ড ও বিশ্বকাপে ভিভিআইপি নিরাপত্তা পাবে মাশরাফীরা

নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চ বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। এরপর থেকে বিদেশ সফরে দলের নিরাপত্তার ব্যাপারটি খুব গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেটার শুরু হচ্ছে আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ দিয়ে।

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপে যাওয়ার আগে স্বাগতিক আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় একটি সিরিজ খেলবে বাংলাদেশ। দেশ দুটিতে টাইগারদের নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের বিসিবি সভাপতি পাপন বলেন, “আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে অবস্থানকালে খেলোয়াড়দের ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে। নিউজিল্যান্ড সফরের পর থেকে নিরাপত্তা বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে।”

“আমরা ওখানে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। ইউকেতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা ভিভিআইপি গেলে যে সমস্ত প্রাইভেট সিকিউরিটি নেওয়া হয়, আমরা ওদের সঙ্গেও কথা বলে ফাইনাল করে ফেলেছি। আমরা ওকে করে দিলাম যে ওদের সঙ্গে আমাদের প্রাইভেট সিকিউরিটি থাকবে। বোর্ড থেকেও আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে একজন না একজন থাকবে।”