ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে পরিচিতি পান কিয়ারা আদভানি। নেটফ্লিক্সের অমনিবাস সিনেমা ‘লাস্ট স্টোরিজ’-এ সাহসী দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন। এবার ভাইরাল হলো এই নায়িকার ভিডিও।
ইনস্টাগ্রামে কিয়ারার একটি ভিডিওতে দেখা যায়, কথা বলতে বলতেই ঘ্যাঁচ ঘ্যাঁচ করে নিজের চুল কেটে ফেলছেন।
প্রশ্ন উঠেছে, এটা কি কোনো সিনেমার দৃশ্য? তবে কিয়ারা জানান, ব্যস্ত শিডিউলের জন্য চুলের পেছনে একদম সময় দিতে পারছেন না। তাই যত্নও করা হয় না। খারাপ হয়ে গিয়েছে চুলের হাল।
ভিডিও ক্যাপশনে লেখেন, “আত্মগ্লানিতেও ভুগছি, চুল কেটে ফেলতেই হতো। ঠিকমতো চুলের যত্ন নিতেই পারছি না। তাই ভাবলাম, এটাই হয়তো সমাধান। বড় চুল কে না ভালোবাসে। কিন্তু লাগাতার ক্ষতি হচ্ছে হিট আর স্প্রে’র জন্য।’’
কিয়ারার এ ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন। বলেন, কিয়ারা সৌন্দর্যের সংজ্ঞা বদলে দিয়েছেন মেকআপ হোক বা নো মেকআপ। অনেকে আবার এমনটাও জানিয়েছেন, তারা নায়িকার নতুন লুকে দেখবেন বলে অপেক্ষায় রয়েছেন।
‘কলঙ্ক’ সিনেমার বিশেষ একটি গানে কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে। বর্তমানে ‘কবীর সিং’-এর শুটিংয়ে ব্যস্ত তিনি। বিপরীতে আছেন শহীদ কাপুর। সন্দীপ ভাঙ্গা পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২১ জুন।