বাগেরহাটের রামপালে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তারা হলেন- সোহাগ (৩৫) ও সঞ্জিত মন্ডল (৫০)। এদের বাড়ি জেলার মোংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়।
বাগেরহাটের কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার অভ্যন্তরীণ একটি সড়ক দিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র অসাবধানতাবশত খুলনা-মোংলা মহাসড়কে ওঠার সময়ে মোংলাগামী অপর একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাহেদ্রটি দুমড়ে-মুচড়ে চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।