ঘূর্ণিঝড় ‘ফণি’র আঁচ পেতে শুরু করেছে ভারত

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ আরও শক্তি সঞ্চয় করে বাংলাদেশ ও ভারত উপকূলের দিকে অগ্রসহর হচ্ছে। ইতোমধ্যে ভারতীয় উপকূলে ঘূর্ণিঝড়টির ঝোড়ো বাতাস পৌঁছতে শুরু করেছে।

দ্য হিন্দু জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ‘ফণি’ ভারতীয় উপকূলে আঘাত হানতে শুরু করতে পারে। ওই সময় এর বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ২০০ কিলোমিটার।

এদিকে আনন্দবাজার জানায়, ঝোড়ো হাওয়ায় ইতোমধ্যেই উড়ে গেছে ওডিশার পুরির জগন্নাথ মন্দিরের নিশান।

জানা গেছে, ২১ ফুট উচ্চতার নিশান থাকে মন্দিরের শীর্ষে। ঝড়ের কারণে নিশান উড়ে যাওয়া আটকাতে সেই উচ্চতা কমিয়ে সাড়ে সাত ফুট করা হয়েছিল। ঝড়ের কারণে নিশান উড়ে গেলে পুজো বন্ধ রাখতে হবে, সেই কারণেই মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ঝোড়ো হাওয়ায় সেই নিচু নিশানও উড়ে গেছে।

বৃহস্পতিবার সকালে ওডিশা উপকূল থেকে ঘূর্ণিঝড় ‘ফণি’র দূরত্ব ছিল ৪৫০ কিলোমিটার। শক্তি বাড়িয়ে ঘণ্টায় পাঁচ কিলোমিটার করে এগোচ্ছে এই অতি প্রবল ঘূর্ণিঝড়।

আর কলকাতা থেকে দূরত্ব ছিল যথাক্রমে ১০০০ এবং ৮০০ কিলোমিটার।

অন্যদিকে ক্ষয়ক্ষতি এড়াতে আট লাখেরও বেশি মানুষকে ওডিশার উপকূলবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কমপক্ষে ৮৭৯টির বেশি সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলের মানুষদের এই সাইক্লোন সেন্টারেই আপাতত রাখা হয়েছে।