অলরাউন্ড নৈপুণ্যে অল্প সময়েই সবার নজর কেড়েছেন পাকিস্তানের শাদাব খান। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলেও। কিন্তু বিশ্বসেরার মঞ্চে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন তরুণ এই ক্রিকেটার।
সংবাদ মাধ্যমে খবরগুলোতে বলা হচ্ছে, শাদাবের বিপক্তিটা ঘটেছে রাওয়াল পিন্ডিতে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে। জীবাণুমুক্ত ছিল না দন্ত চিকিৎসকের সরঞ্জামাদি। এসব দিয়ে চিকিৎসা করানোয় হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়েছেন শাদাব। রক্ত পরীক্ষায় তার শরীরে হেপাটাইটিসের উপস্থিতি পাওয়া যায়।
এই কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। তাকে বিশ্রামে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের একজন চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন আছেন শাদাব।
“গ্যাস্ট্রোন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্টে বিশেষজ্ঞ ডাক্তার প্যাট্রিক কেনেডি শাদাবকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের লিভার সংক্রান্ত চিকিৎসায় তিনি দক্ষ।”
পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে রয়েছেন শাদাব। ২৩ মে পর্যন্ত অবশ্য দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এর আগে এই অলরাউন্ডার সুস্থ হয়ে উঠতে পারবেন কি-না দানা বাধছে সেই শঙ্কা।
২০১৭ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় শাদাবের। এরপর থেকে পাকিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। বল হাতে ৩৪ ওয়ানডেতে পেয়েছেন ৪৭ উইকেট। রান করেছেন ৪৫২।