ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার বাইরে গত মঙ্গলবার অস্ত্র উঁচু করা পক্ষত্যাগী সেনাদের নিয়ে বিরোধী দলের নেতা হুয়ান গুইদোর অবস্থান অনেককে আশা জাগিয়েছিল। তারা ভেবেছিলেন, প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার বিক্ষোভের মুখে থাকা শাসনক্ষমতা শেষ। ভোর হওয়ার আগেই গুইদো ঘোষণা দিয়েছিলেন, ‘এখনই সময়।’ তিনি ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সাহায্য চাইছিলেন। কিন্তু তারা তার এ আহ্বানে সাড়া দেয়নি।
গুইদোর তৎপরতার পরও ক্ষমতায় রয়ে গেছেন মাদুরো। আর ভেনেজুয়েলার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হুগো শাভেজের উত্তরসূরির প্রতি তার আনুগত্য বহাল রেখেছেন। অন্যদিকে মাদুরোর বিরুদ্ধে দেশব্যাপী অভ্যুত্থানে গুইদোর চেষ্টা দৃশ্যত ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতি অন্তত তা-ই বলে।
এ বিষয়ে ওয়াশিংটন অফিস অন লাতিন আমেরিকা নামের একটি সংস্থার ভেনেজুয়েলা বিশেষজ্ঞ ডেভিড স্মাইল্ড দ্য গার্ডিয়ানকে বলেন, ‘নিশ্চিতভাবে এটি (গুইদোর তৎপরতা) এই অর্থ ব্যর্থ যে, এর মধ্য দিয়ে বিরোধীরা আগের চেয়ে দুর্বল হয়েছে।’ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের ওবামা আমলের ভেনেজুয়েলাবিষয়ক উপদেষ্টা বেঞ্জামিন গেদান বলেন, ভেনেজুয়েলার গোয়েন্দা ও সামরিক বাহিনী থেকে ব্যাপক হারে পক্ষত্যাগ চেয়েছিলেন গুইদো। কিন্তু সেটি হয়নি। তবে গুইদোর আন্দোলন গোনার বাইরেও চলে যায়নি।
ভেনেজুয়েলায় মাদুরোবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। স্থানীয় সময় বুধবারও রাস্তায় নামে হাজার হাজার মানুষ। দৃশ্যমান দুর্বলতার চিহ্ন হিসেবে মাদুরোবিরোধীদের নির্যাতন চালানোর চেষ্টা চালাননি। ভয়ভীতিও দেখাননি। বিরোধীরা ব্যাপক আন্তর্জাতিক সমর্থন নেওয়াও অব্যাহত রেখেছে। এমন বাস্তবতায় সুদান ও আলজেরিয়ার সাম্প্রতিক অভ্যুত্থানের দিকে ইঙ্গিত করে গেদান বলেন, ‘সমস্ত ভূখণ্ড ও বাহিনীর ব্যবহারের একক নিয়ন্ত্রণ থাকা একনায়কতন্ত্রকে হটানো কঠিন... তবে পরিবর্তন প্রায়ই অপ্রত্যাশিতভাবে হয় এবং অপ্রত্যাশিতভাবেই দ্রুতগামী হয়।’ তিনি আরও বলেন, ‘আমি পূর্বাভাস দিচ্ছি না যে, কালই সরকার পড়ে যাবে। তবে আমি এমন কোনো সংকেত দেখি না যে, মাদুরো ক্ষমতা ধরে রাখার বিষয়ে সুনিশ্চিত। দেশের ওপর সরকারের শক্ত মুষ্টি আছে, এমন কোনো তথ্যপ্রমাণ নেই... আমার মনে হয় না, মাদুরো রাতে ভালো ঘুমাতে পারছেন।’
যুক্তরাজ্যে নিযুক্ত গুইদোর দূত ভ্যানেসা নিউম্যান বলেন, মাদুরো খুব দ্রুত পড়ে যাবেন, এমনটি আশা করছে না বিরোধীরা। তবে অনেক পর্যবেক্ষক মনে করেন, গুইদো তা-ই চেয়েছিলেন, যেটা হয়নি।