শীতলক্ষ্যার তীরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের অভিযানে চারটি ডকইয়ার্ড (আংশিক), একটি দ্বিতল ভবন, চারটি একতলা ভবন, সিরামিক কারখানা, বালুর গদি, দোকানসহ অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্র্তৃপক্ষ।

একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় এবং সরকারের নিয়মনীতি না মেনে প্রতিষ্ঠান চালানোর অভিযোগে আরও আটটি ডকইয়ার্ডকে ১ লাখ টাকা করে ৮ লাখ টাকা জরিমানা করে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় শীতলক্ষ্যার পশ্চিম তীরে এ উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি।