গানে গানে রবি স্মরণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। রাজধানীর শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা এ আয়োজন করেছে।

আয়োজনের এবারের স্লোগান ‘নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী কর ত্রাণ মহাপ্রাণ, আন অমৃতবাণী’। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘হে নূতন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ ও ‘আকাশ ভরা সূর্য তারা’ গান দুটি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সালমা আকবর ও পীযূষ বড়ুয়া। সভাপতিত্ব করেন সংস্থার সহসভাপতি ও শিল্পী প্রমোদ দত্ত।

অনুষ্ঠানমালার প্রথম দিন সংস্থার ২৫ শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান পরিবেশন করেন। এদিন শিল্পীদের মধ্যে ছিলেন আবদুল ওয়াদুদ, সাঈদা হোসেন পাপড়ি, রাবেয়া আক্তার, শাকিল হাশমি, নাসরিন আক্তার, সেলিনা হুদা, টিপু চৌধুরী, সুমাইয়া ফারাহ খান, কাকলী গোস্বামী, মেহনাজ হোসেন, সুচিত্রা চক্রবর্তী, শিল্পী রায়, সুমি চক্রবর্তী, উত্তম সাহা, টিংকু শীলসহ অনেকে। তারা একে একে পরিবেশন করেনÑ আমার এই পথ চাওয়াতেই আনন্দ, সখী ভাবনা কাহারে বলে, সেই তো আমি চাই, তোমায় গান শোনাব, বিরহ মধুর হলো আজি, কোন সুদূর হতে আমার, মেঘ বলেছে যাব যাব ইত্যাদি।

দ্বিতীয় দিন আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় একই মিলনায়তনে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পরিবেশন করবেন শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন সাজেদ আকবর, গোলাম হায়দার, সালমা আকবর, মাহজাবীন মৈত্রী, মীরা মন্ডল, মিতা দে, তনুশ্রী দীপক, মামুন জাহিদ খান, অভিক দে, আজিজুর রহমান তুহিন, মকবুল জয়ন্ত আচার্য্য।