বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

আজ ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সাল থেকে জাতিসংঘ ঘোষিত দিবসটি প্রতিবছর পালিত হয়ে আসছে।

এবার দিবসটির প্রতিপাদ্য ‘মিডিয়া ফর ডেমোক্র্যাসি : জার্নালিজম অ্যান্ড ইলেকশন্স ইন টাইমস ডিজইনফরমেশন।’ এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যম চিত্র : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া সুন্দর দেশ বা সমাজ গঠন করা সম্ভব নয়। গণমাধ্যমের বিকাশ ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগ হচ্ছে, যা কারও কাম্য নয়।  ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি পায়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে।