সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান

ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবদুল আজিজ আহমেদ। তিনি বলেছেন, ‘এরই মধ্যে দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সেনাবাহিনীকে স্থায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের ওড়িশ্যা উপকূলের দিকে ধেয়ে আশা প্রবল ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় সেনাবাহিনীর সব ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে। এজন্য সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশনগুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এদিকে গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ফণি-পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ সহায়তাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী।

জেনারেল আবদুল আজিজ বলেন, ‘আমরা নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়েছি। যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে শুধু সতর্কতাই নয়, দুর্যোগের আগে ও দুর্যোগ চলাকালে বা দুর্যোগ-পরবর্তী যেকোনো দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে।’

এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় সেরা আটজনকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করা হয়। চ্যাম্পিয়ন ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও রানার্সআপ ২৪ পদাতিক ডিভিশন দলের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান। পরে তিনি সেনানিবাসে হকি গ্রাউন্ড ও আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লে. জেনারেল শফিকুর রহমান, ঢাকা ক্যান্টনমেন্ট লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার উজ জামান।