বেশ কিছুদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন সিদ্ধার্থ। শোনা যাচ্ছিল, তার পরবর্তী কাজের জন্য তৈরি হচ্ছিলেন। অবশেষে জানা গেল আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রার পরবর্তী সিনেমার শ্যুটিং। গত বৃহস্পতিবার দুপুরে প্রযোজক করণ এ সিনেমার বিষয়ে এক টুইট করেছেন। তা থেকে জানা গেছে কার্গিল যুদ্ধে শহীদ হওয়া বিক্রম বাত্রার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন করণ জোহর। আর এই সিনেমায় মূল ভূমিকায় করণ চুক্তিবদ্ধ করলেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত তারকা সিদ্ধার্থ মালহোত্রাকে। এই সিনেমায় সিদ্ধার্থকে কার্গিল যুদ্ধে শহীদ হওয়া বিক্রম বাত্রার চরিত্রে দেখা যাবে। তার সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি।
প্রায় দুই দশক কেটে গেছে কার্গিল যুদ্ধের। কিন্তু ভারতীয়দের মনে এই যুদ্ধের স্মৃতি এখনো তাজা। সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন ২৪ বছর বয়সী ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যার পরিবারের হাতে পরবর্তীকালে তুলে দেওয়া হয় দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘পরমবীর চক্র’। সেই বীর শহীদের জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে বলিউড সিনেমা ‘শেরশাহ’। শিগগিরই শ্যুটিং শুরু হতে চলেছে। ২০২০ সালে মুক্তি পাবে ‘শেরশাহ’। বলা হচ্ছে, সিদ্ধার্থের ক্যারিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন হতে চলেছে করণ জোহর, হিরু জোহর, অপূর্বা মেহতা, শাব্বির বক্সওয়ালা, অজয় শাহ ও হিমাংশু গান্ধী প্রযোজিত এই সিনেমাটি। কারণ এ সিনেমায় অভিনয় অত্যন্ত চ্যালেঞ্জিং হবে তার কাছে। এমন একজন বীর শহীদের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে অত্যন্ত গর্বিত সিদ্ধার্থ, এমনটাই জানিয়েছেন তিনি সংবাদমাধ্যমের কাছে।
জানা গেছে, এ সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করতে হবে সিদ্ধার্থকে। বিক্রম বাত্রা ও তার যমজ ভাই বিশাল বাত্রাÑ এই দুই চরিত্রেই দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। এর আগে ‘আইয়ারি’ সিনেমায় একজন সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ। কিন্তু ‘শেরশাহ’-এর প্রেক্ষাপট অনেক বৃহৎ।