বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনাল বাতিল হওয়ায় স্টেডিয়ামেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দর্শকেরা। এমনকি বাংলাদেশ দলের টিম বাস আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও লাওসের মধ্যকার ফাইনাল ম্যাচটি। কিন্তু আসন্ন ঘূর্ণিঝড় ফণীকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ‘সার্বিক পরিস্থিতি’ বিবেচনা করে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল বাতিল করে আয়োজকেরা।
যদিও ম্যাচ বাতিলের মতো পরিস্থিতি অন্তত ঢাকায় তৈরি হয়নি। দুই দলই নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত ছিল। এমনকি ওয়ার্মআপও করেছে দুই দেশের খেলোয়াড়রা। মাঠে উপস্থিত হয়েছিলেন প্রধান রেফারি, সহকারী রেফারিরা।
কিন্তু সন্ধ্যা ৬টার কিছু পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে খেলা বাতিলের ঘোষণা দেওয়া হয়। টিকিট কেটে লাওসের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিদের সমর্থন দিতে উপস্থিত ফুটবলপ্রেমীরা এ সিদ্ধান্ত সহজভাবে নিতে পারেননি।
তাই তারা ক্ষোভ প্রকাশ করেছে গ্যালারির চেয়ারগুলোর ওপর তাণ্ডব চালিয়ে। আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের দিয়েছে দুয়োধ্বনি। বাংলাদেশ দল বাফুফে ভবনে ফিরে যাওয়ার সময় তাদের টিম বাসও আটকে দেন দর্শকেরা।
বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী অবশ্য দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করে টিকিটের মূল্য ফেরত দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘‘দর্শক যারা টিকিট কেটে উপস্থিত হয়েছিলেন তাদের টিকিটের অংশ জমা দেওয়া সাপেক্ষে মূল্য বাফুফের পক্ষ থেকে ফেরত দেওয়া হবে।’’
ঘূর্ণিঝড় ফণী’র কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে ফাইনাল বাতিল করে বাংলাদেশ ও লাওস দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।