রায়গঞ্জে বালু উত্তোলন বন্ধের দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামে ফসলি জমি, মসজিদ ও কালিঞ্জা সেতু রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ইছামতী নদীর পাড়ে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলার ব্রাহ্মণবাড়িয়া, নওদাডুমুর ও কালিঞ্জা গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন, গাজী মুজিবুর রহমান, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আসমত আলী, পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রহমান প্রমুখ।

বক্তারা ইছামতী নদীর কালিঞ্জা সেতুর পাশের বালুমহাল থেকে ইজারাদার নিয়ম না মেনে ড্রেজার দিয়ে অতিমাত্রায় বালু উত্তোলনের ফলে নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভাঙনে এলাকার শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।