ফণির প্রভাবে ঢাকায় বৃষ্টি

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সারা দেশের মতো রাজধানীতেও গতকাল শুক্রবার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে গত তিন সপ্তাহের বেশি সময় ধরে বিরাজমান তীব্র তাপদাহের অবসান হয়েছে। এতে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ ও আগামী দিন ঢাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড়ো বাতাসে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে কোনো ধরনের নৌযান ছেড়ে যায়নি। বাতিল করা হয়েছে বিমানের একাধিক ফ্লাইট। আন্তঃনগর টার্মিনালগুলোতে বাসের সংখ্যাও ছিল কম। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় প্রচুর সংখ্যক যাত্রী দেখা গেছে। ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে বাঁচতে রাজধানীর মসজিদগুলোতে বিশেষ দোয়া করা হয়। ঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকারি বিভিন্ন দপ্তরে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। 

রাজধানীতে বৃষ্টি : আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ২৭ মিলিমিটার। এরপরও রাতে কয়েক দফায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে, যা রেকর্ডে আসেনি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান খান দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকাসহ সারা দেশেই ফণির প্রভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। অতি ভারী বৃষ্টি আজও অব্যাহত থাকবে।’ ফণির প্রভাব কেমন হবে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আয়েশা খাতুন বলেন, ‘ঢাকাসহ সারা দেশে প্রভাব থাকলেও খুলনা এবং দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এর প্রভাব বেশি থাকবে। আমরা সার্বিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখছি।’

মসজিদে মসজিদে দোয়া : গতকাল জুমার নামাজের পর ফণির কবল থেকে দেশবাসীকে রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেন ধর্মপ্রাণ লোকজন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়।

লঞ্চ ছাড়েনি : ঝড়ের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই সতর্কবার্তা দেওয়ায় রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। লঞ্চ চলাচলের ওপর সতর্কবার্তা থাকার পরও বিপুলসংখ্যক যাত্রী টার্মিনালে উপস্থিত হয়েছিলেন বলে দেশ রূপান্তরকে জানান নৌপুলিশের সদরঘাট থানার ওসি মো. রেজাউল করিম ভূঁইয়া। তিনি আরও জানান, আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বাড়তি চাপ রেলে : নৌযান বন্ধ থাকা ও ফেরি চলাচলে বিঘœ ঘটায় কমে গেছে আন্তঃজেলা বাস। এই অবস্থায় অতিরিক্ত চাপ পড়ে ট্রেনে। রেলওয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বাড়তি যাত্রী সামাল দিতে কিছু অতিরিক্ত বগি সংযোগ করা হয়েছে। 

নিয়ন্ত্রণ কক্ষ : রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ৯ মে পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে এটি। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফণির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর নিয়ন্ত্রণকক্ষ খুলেছে।