নিজের চরিত্রে ‘এক শর্তে’ আলিয়াকে চান মাধুরী

নব্বইয়ের দশকে বলিউড শাসন করেছিলেন মাধুরী দীক্ষিত। পর্দার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও রয়েছে চমকপ্রদ সব গল্প।

সম্প্রতি মাধুরী জানালেন তার বায়োপিক নির্মিত হলে মূল চরিত্রে আলিয়া ভাটকে যোগ্য মনে করেন। সঙ্গে অবশ্য জুড়ে দিয়েছেন একটি শর্ত।

দুই তারকাকে এপ্রিলে মুক্তি পাওয়া ‘কলঙ্ক’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে। সিনেমাটির ব্যবসায়িক ব্যর্থতা সত্ত্বেও প্রশংসা পেয়েছেন দুই প্রজন্মের নায়িকা।

ওই সিনেমার সূত্রে মাধুরী ও আলিয়া বেশ কাছাকাছি এসেছেন। বেড়েছে ঘনিষ্ঠতাও। সংবাদমাধ্যমে একাধিকবার তারা পরম্পরের প্রশংসাও করেছেন।

মাধুরী জানান, কখনো তার বায়োপিক নির্মিত হলে নাম ভূমিকায় মহেশ ভাটের মেয়েকেই চান। তবে এক শর্তে। আলিয়াকে অবশ্য কত্থক নৃত্যে পারদর্শী হতে হবে।

বলিউডের সর্বকালের ইতিহাস অন্যতম নৃত্যপটীয়সী নায়িকা হিসেবে পরিচিত মাধুরী। তাকে বলা হয়ে থাকে ‘ধক ধক গার্ল’। অবশ্য আলিয়া নিজেও কম যান না। ‘কলঙ্ক’ সিনেমার একটি গানে মাধুরীর সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন।

সর্বশেষ সিনেমাটির ব্যর্থতাকে ইতিবাচকভাবে নিয়েছেন বলেই সম্প্রতি জানান আলিয়া। এর থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানান।

‘কলঙ্ক’-এর পর নতুন সিনেমায় যুক্ত হননি মাধুরী। বর্তমানে বাবার পরিচালনায় ‘সড়ক টু’তে অভিনয় করছেন আলিয়া। মুক্তির অপেক্ষায় আছে প্রেমিক রণবীর কাপুরের বিপরীতে অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’।