চার বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। নাম রাখা হয়েছে ‘মাদাম এক্স’, এটি তার চৌদ্দতম স্টুডিও অ্যালবাম।
ম্যাডোনার সর্বশেষ অ্যালবাম ‘রেবেল হার্ট’ প্রকাশ হয় ২০১৫ সালে। আর ‘মাদাম এক্স’ বাজারে আসবে ১৪ জুন। এর আগে অ্যালবামের কয়েকটি গান সিঙ্গেল আকারে প্রকাশ হবে।
১৭ এপ্রিল প্রকাশ হয়েছে ‘মেডেলিন’ শিরোনামের গান। শুক্রবার এসেছে অ্যালবামের আরেক গান ‘আই রাইজ’-এর অডিও সংস্করণ।
২০১৮ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রাম পোস্টে নতুন স্টুডিও অ্যালবামের ঘোষণা দেন ম্যাডোনা। মে মাসে নিউইয়র্কের মেট গালার মঞ্চে ‘লাইক আ প্রেয়ার’-এর পাশাপাশি শোনান নতুন গান ‘ডার্ক ব্যালেট’-এর কিছু অংশ। তখনই বোঝা যায় নতুন কিছু করতে যাচ্ছেন তিনি।
সর্বশেষ সিঙ্গেল ‘আই রাইজ’ সম্পর্কে ম্যাডোনা ইনস্টাগ্রাম পোস্টে জানান, গানটি সেইসব প্রান্তিক মানুষের জন্য যারা নিজেদের কথা বলার সুযোগ পান না। আশা করছেন গানটি সবাইকে অনুপ্রাণিত করবে।
১৩ গানের পুরো অ্যালবাম প্রকাশের আগে কয়েকটি সিঙ্গেল প্রকাশ হবে। এর মধ্যে আছে ক্রাভ, ফিউচার ও ডার্ক ব্যালেট।
প্রায় দেড় বছর ধরে অ্যালবামটির কাজ হয়েছে। ‘মাদাম এক্স’-এর গানের মাধ্যমে ল্যাটিন সংগীত ও সংস্কৃতির প্রতি ভালোবাসা উদযাপন করছেন ম্যাডোনা।
পয়লা মে মালুমার সঙ্গে ‘মেডেলিন’ গানটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে পারফর্ম করেন ম্যাডোনা। ১৮ মে তিনি ইসরায়েলের তেল আবিবে ইউরোভিশন সং কনটেস্টে দুটি গান পরিবেশন করবেন, যার মধ্যে একটি নতুন অ্যালবামের। আর দুই গানের জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১০ লাখ ডলার।