শেরপুর নালিতাবাড়ী কৃষক ইদ্রিস হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ২টার দিকে সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন। এই নিয়ে মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হলো।
তিনি জানান, মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হবিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙিনা থেকে একটি বিদেশি ৭.৬২ পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গত ২৫ এপ্রিল নালিতাবাড়ী যোগানিয়া কুত্তামারা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে গুলি করে হত্যা করা হয় কৃষক ইদ্রিসকে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।