নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরিফ রাব্বানী (৪০) নামে এক ধানকাটা শ্রমিককে গলা কেটে হত্যার চেষ্টা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছার মাইনকুইন এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
আড়াইহাজার থানার এসআই নাজমুল ইসলাম জানান, গতকাল শনিবার সকালে খবর পেয়ে পুলিশ আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় হাইজাদীর সিংহদী এলাকার মোতালিব ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফানুর ইসলাম বলেন, ‘সকাল ৭টার দিকে বিষয়টি জানতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা হত্যার চেষ্টা করেছে জানি না।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, ‘মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ। আরিফের গলার অধিকাংশই কেটে ফেলা হয়েছে।’