লঙ্কানদের জার্সিতে দায়িত্ববোধের অনন্য সাক্ষর

ইংল্যান্ড বিশ্বকাপে জার্সি দিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। লঙ্কানদের জার্সিটি তৈরিতে এবং নকশায় পরিবেশ রক্ষার দায়ভার ও পৃথিবীর প্রাণ-বৈচিত্র্যের প্রতি দায়িত্ববোধের অনন্য সাক্ষর সকলের শ্রদ্ধা কেড়ে নিয়েছে।

জানা যায়, জার্সিটি তৈরি করা হয়েছে সাগরে ভেসে থাকা প্লাস্টিকের আবর্জনা দিয়ে। এসব আবর্জনা সমুদ্রের পানি দূষিত করার পাশাপাশি সামুদ্রিক প্রাণীকুলকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। এখানেই শেষ নয়, জার্সিতে কচ্ছপ সদৃশ নকশা দিয়ে সামুদ্রিক জীবনের প্রতি অঙ্গীকারের কথাও প্রকাশ করা হয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, এর মাধ্যমে প্লাস্টিকের পণ্য ব্যবহারে সবাইকে সচেতন করা এবং সমুদ্রের প্রাণী-পরিবেশ বাঁচাতে সবাইকে সাবধান হওয়ার বার্তা দিতে চায় তারা।

ক্রিকেটে এমন কিছু এই প্রথম দেখা গেলেও ফুটবলে এর আগে সাগরে ভেসে থাকা প্লাস্টিকের ব্যবহার দেখা গেছে।

জানা গেছে, নৌবাহিনীর সহায়তা শ্রীলঙ্কার উপকূলে ভেসে থাকা ব্যবহৃত প্লাস্টিক জোগাড় করেছে দলটির পোশাকের পৃষ্ঠপোষক এমএএস হোল্ডিং।

এমএএস হোল্ডিংয়ের প্রধান পরিচালনা কর্মকর্তা শীরেন্দ্র লরেন্স জানিয়েছেন, '২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য সাগরের প্লাস্টিকের বিভিন্ন পণ্য প্রস্তুত করা হচ্ছে। আমরা খুশি যে টেকসই ও সৃষ্টিশীলতাকে একসঙ্গে করে খেলাধুলার পোশাকে নতুন মাপকাঠি সৃষ্টি করতে পেরেছি।'