ওয়ানডে ক্রিকেটে উদ্বোধনী জুটিতে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল ও শাই হোপ। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে রোববার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছেন ক্যারিবীয় দুই ওপেনার। সিরিজের অন্য দল বাংলাদেশ।
হোপ ও ক্যাম্পবেল এদিন উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৬৫ রান। এর আগে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের কীর্তি ছিল ৩০৪ রানের। ২০১৮ সালের ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সেই কীর্তি গড়েন পাকিস্তানের ইমাম-উল-হক ও ফখর জামান। এক বছর না পেরোতেই সেই রেকর্ড ভেঙে দিলেন ক্যাম্পবেল-হোপ জুটি।
৪৮তম ওভারে ক্যাম্পবেল ফেরেন ১৭৯ রান করে। ১৩৭ বলের ইনিংসে ১৫টি চারের সঙ্গে তিনি মেরেছেন ৬টি ছক্কা।
একই ওভারে ফিরেছেন হোপ। ১৫২ বলে ২২ চার ও ২ ছক্কায় তিনি করেন ১৭০ রান। ক্যাম্পবেলের এর আগে সর্বোচ্চ রানের ইনিংস ছিল মাত্র ৩০। আর হোপের সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত ১৪৬।
এদিন ডাবলিনে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আইপিএলে খেলার জন্য এই সিরিজের দলে নেই ক্রিস গেইল, আন্দ্রে রাসেলসহ অনেক তারকা। যারা কিনা বিশ্বকাপে খেলবেন।
গেইল না থাকায় ক্যাম্পবেল সুযোগ পেয়ে গিয়েছিলেন আয়ারল্যান্ড সিরিজের দলে। নিজের ষষ্ঠ ওয়ানডে খেলতে নেমেই হোপের সঙ্গে ওপেনিংয়ে গড়লেন ইতিহাস। ৫০ তম ওয়ানডে খেলতে নামা হোপের সঙ্গে গড়েছেন উদ্বোধনী জুটিতে নতুন কীর্তি।
২০১৫ সালে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৩৭২ রান। যে কোনো উইকেটে যা সর্বোচ্চ রানের জুটি। অল্পের জন্য সেই রেকর্ডটা ভাঙতে পারেননি ক্যাম্পবেল-হোপ।