প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া কবুল হয়েছে বলে ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশে তেমন ক্ষতি সাধন করতে পারেনি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি রোববার সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে ঘূর্ণিঝড় ‘ফণী’র ছোবলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব বলেন।
রবিবার বিকেলে সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ডা. এনামুর রহমান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘‘জননেত্রী শেখ হাসিনা একজন পুণ্যবতী মহিলা। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সকালে কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মকাণ্ড শুরু করেন বলে, মহান আল্লাহ-তায়ালা তার দোয়া কবুল করেছেন বলেই প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশে তেমন ক্ষতি সাধন করতে পারেনি’’।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা মানবদরদি। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের যেন কোনো সমস্যা না হয় সে জন্য আমাদের পাঠিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা যত দিন দেশের ক্ষমতায় আছে, তত দিন বাংলার অসহায়-গরিব-দুঃখী মানুষ কষ্ট পাবে না।
‘খুব শিগগিরই জেলার সকল বেড়িবাঁধ মেরামত করা হবে এবং দুর্যোগ মোকাবিলায় জেলায় ১০০ সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে।‘
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, মীর মোস্তাক আহমেদ রবি, ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম.এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ প্রমুখ।
এ সময় সদরের ধুলিহর ইউনিয়নের দু শ অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারকে মাঝে ৩০ কেজি করে চাল, ৫০ জনকে শাড়ি ও ৫০ জনকে লুঙ্গি প্রদান করা হয়।