কুষ্টিয়া জেলা পুলিশের তালিকাভুক্ত ২১৪ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসছেন। সোমবার স্টেডিয়াম মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবেন।
কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, এই দিনে কুষ্টিয়ার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের পাশাপাশি আরও তিন জেলার মাদক ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই আয়োজন ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। পূর্বঘোষণা মতে, সোমবারের এই মাদক বিরোধী সমাবেশে আরও উপস্থিত থাকবেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য অটোরিকশা, ভ্যান, সেলাই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে। আর যেসব সেবনকারী আত্মসমর্পণ করবে তাদের রিহ্যাব সেন্টারে পাঠানো হবে। তাদেরও নানাভাবে মাদক ছেড়ে ভালো পথে ফিরে আসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, চলমান মাদক বিরোধী অভিযানের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। কুষ্টিয়ার ৬টি থানার তালিকাভুক্ত দুই শতাধিক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করবেন। আমরা সবাইকে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে চাই। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য নানামুখী উদ্যোগ নেয়া হচ্ছে। এত কিছুর পরও যারা আত্মসমর্পণ করবে না বা সংশোধন হবেন না তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলেও জানান তিনি।
জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি। সেখানে মাদক বিরোধী অভিযানের পাশাপাশি কাউন্সেলিংও সমাবেশ অব্যাহত রেখে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।