নতুন বাস না এনে বিদ্যমান বাস দিয়েই রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনার পরিকল্পনা করছে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি। নতুন বাস আনা সময়সাপেক্ষ হওয়ায় কমিটির এমন পরিকল্পনা। গতকাল রবিবার কমিটির ৮ম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, ‘সড়কে শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশনের কাজটি সময়সাপেক্ষ। কাজটি সম্পন্ন করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। কাজটিকে আরও এগিয়ে নিয়ে আসতে আমরা বিদ্যমান বাস ও রুটগুলোকে রেশনালাইজ করার মাধ্যমে ছয়টি কোম্পানির আওতায় আনতে চাচ্ছি।’
এপ্রিলের শেষ নাগাদ সদরঘাট থেকে রামপুরা চক্রাকার বাস সার্ভিস চালুর কথা থাকলেও আরেকটু সময় লাগবে বলে জানান তিনি। বৈঠকে কমিটির ১০ সদস্য ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।