ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্টসংলগ্ন থাকখোয়াজের লামছিতে একটি মৎস্য ঘেরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে হামলা চালিয়ে নূরুল আবছার জসিমের মৎস্য ঘেরের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলামকে মারধর করে এবং জসিমের বসতঘর ও গুদামে তালা দেয়। এ ঘটনায় মিরসরাই এলাকার বাঁশখালী গ্রামের ব্যবসায়ী নূরুল আবছার জসিম সোনাগাজী মডেল থানায় স্থানীয় তিন ছাত্রলীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেনÑ আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন ও যুবলীগকর্মী হৃদয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নূরুল আবছার জসিম জানান, গত মার্চে আইয়ুব নবী ফরহাদ, হৃদয় ও ইফতেখার হোসেন অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি অনুযায়ী টাকার জন্য বিভিন্ন সময় টেলিফোনে ও প্রকাশ্যে হুমকি দেয়। টাকা না পেয়ে এ হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে আইয়ুব নবী ফরহাদ বলেন, মাছের ঘেরের জায়গাটি মূলত জসিমের নয়। এটি স্থানীয় এক জনপ্রতিনিধির বোনের। আমরা তার পক্ষে জসিমকে জায়গাটি ছেড়ে দিতে অনুরোধ করেছি মাত্র। জসিমের অভিযোগ সঠিক নয়। সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের তদন্ত চলছে।