রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে গত মাসে যাত্রা শুরু করা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের টিকিটের সঙ্গে বাধ্যতামূলকভাবে খাবারের মূল্য আদায় না করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিরতিহীন এই ট্রেনের যাত্রীদের সুবিধার্থে এ ব্যাপারে রেল মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা বলেন, ‘বিরতিহীন বনলতা এক্সপ্রেস রাজশাহীবাসীর বহুল প্রত্যাশিত একটি ট্রেন। নির্বাচনের আগে আমার ৪৪ দফার অন্যতম ছিল এই ট্রেন চালুর প্রতিশ্রুতি। ট্রেনটি চালু করার জন্য রাজশাহীর মানুষ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন।’
কিন্তু ট্রেনটিতে দেড়শ টাকার বাধ্যতামূলক খাবারের বিষয়টিকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই সিদ্ধান্তের কারণে অনেকেই ট্রেনটির ব্যাপারে উৎসাহ হারিয়েছেন বলে জানতে পেরেছি। কাজেই যাত্রীদের স্বার্থে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা জরুরি।’
বিবৃতিতে এমপি বাদশা বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি রেলপথ মন্ত্রণালয়কে স্থানীয় সংসদ সদস্য হিসেবে শিগগির একটি চিঠি দেব। আশা করি তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে।’
গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বাধুনিক ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেন। এই ট্রেনে যাত্রীদের একটি করে কেক, মিষ্টি, সবজি রোল, শিঙাড়া এবং ৫শ মিলি লিটারের পানির বোতল সরবরাহ করা হয়। এ জন্য টিকিটের মূল্যের সঙ্গেই অতিরিক্ত ১৫০ টাকা ধরা হয়।