ভারতের লোকসভা ভোটের পঞ্চম দফার কার্যক্রম চলছে দেশটির সাত রাজ্যের ৫১টি আসনে। এই দফায় নিজ নিজ আসনে লড়ছেন কংগ্রেসের দুই তারকা প্রার্থী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের বারাকপুর কেন্দ্রে সকালে সংঘর্ষ হয়েছে। আর কোথাও সেভাবে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
সোমবার বিহারের পাঁচটি, জম্মু-কাশ্মীরের দুটি, ঝাড়খণ্ডের চারটি, মধ্যপ্রদেশের সাতটি, রাজস্থানের ১২টি, উত্তর প্রদেশের ১৪টি এবং পশ্চিমবঙ্গের সাতটি আসনে ভোট।
উত্তর প্রদেশে যে ১৪ আসনে ভোট তার মধ্যে রয়েছে রায়বরেলী এবং অমেঠি। প্রথমটিতে প্রার্থী কংগ্রেসের সাবেক সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। দ্বিতীয়টিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
উত্তর প্রদেশের লখনউতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লড়ছেন সেখান থেকে পুনর্নির্বাচিত হওয়ার আশায়। তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বলিউড স্টার তথা সাবেক বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা।