প্রথমার্ধে চেলসি আক্রমণভাগ সামলাতে পারলেও দ্বিতীয়ার্ধে আর পারল না ওয়াটফোর্ড। দলটিকে উড়িয়ে টানা তিন ম্যাচ পর জয়ে ফেরার পাশাপাশি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট নিশ্চিত করে নিয়েছে দলটি।
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার রাতে ওয়ার্টফোর্ডকে ৩-০ গোলে হারায় চেলসি। একটি করে গোল করে দলের জয়ে অবদান রাখেন লোফ্টাস-চিক, দাভিদ লুইস ও গনসালো হিগুয়াইন।
এই জয়ে ৩৭ ম্যাচ খেলা চেলসি ৭১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়স্থানে উঠে এসেছে। শেষ ম্যাচে দলটি তাদের শেষ ম্যাচে লেস্টার সিটির কাছে হারলেও অবস্থান থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষ চারেই। এর অর্থ আগামী মৌসুমে ক্লাব পর্যায়ে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে চেলসি।
নিজেদের মাঠে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে চেলসি। বিরতিতে থেকে ফেরার তৃতীয় মিনিটে এডেন হ্যাজার্ডের কর্নার শটে ডি-বক্সের মাঝামাঝি থেকে হেডে দলবে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার লোফ্টাস-চিক।
৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দাভিদ লুইস। ব্রাজিলিয়ান এই সেন্টার-ব্যাকের এই গোলটিতেও অবদান ছিল হ্যাজার্ডের। ৭৫তম মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকেন হিগুয়াইন। পেদ্রোর রক্ষণচেরা পাস থেকে দুরূহ কোণ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন প্লেমেকার।
দিনের অন্য দুই ম্যাচে হাডার্সফিল্ড টাউনের মাঠে খেলতে গিয়ে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর নিজেদের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। এই ড্রয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা শেষ হয়ে গেছে দলটির।