রামপুরায় মোবাইলে ডেকে নিয়ে তরুণকে খুন

রাজধানীর রামপুরায় পূর্বশত্রুতার জের ধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে রাসেল (১৯) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাত ২টার দিকে রামপুরা জামতলা ইউনুস কমিশনারের বাড়ির সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বড়ভাই মো. বিপ্লব দেশ রূপান্তরকে জানান, তারা জামতলার ৩১২/৩৬, নম্বর বাসায় থাকেন। রাসেল কিছু করতেন না। তার বাবার নাম মো. মোতালেব।

তিনি জানান, রোববার রাত ২টার দিকে রাসেলের পরিচিত স্বপন মোবাইল ফোনে রাসেলকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর এলাকার ইউনুস কমিশনারের বাড়ির সামনে রাসেলকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রামপুরা থানার পরিদর্শক তদন্ত মাসুদ পারভেজ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার পরিচিত স্বপন মোবাইল ফোনে রাসেলকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এতরাতে বাসার বাইরে যাওয়ার বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।