চার ম্যাচের দুটিতে জিতে লন্ডনে স্ট্রিট চাইল্ড ইউনাইটেড ওয়ার্ল্ড কাপে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের পথশিশু দল। সিক্স-এ সাইড এই টুর্নামেন্টে রোববার চার ম্যাচের দুটিতে উত্তর ভারত ও নেপালকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা।
এদিন চার ম্যাচের অপর দুই ম্যাচে ইংল্যান্ড ও তানজানিয়ার কাছে হারে বাংলাদেশের পথশিশুরা। তাদের সঙ্গে সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ ভারত, তানজানিয়া ও ইংল্যান্ড।
বাংলাদেশের প্রথম জয়টি উত্তর ভারতের বিপক্ষে। কোনও উইকেট না হারিয়ে ৩৯ রান করে বাংলাদেশ। প্রতিপক্ষকে থামিয়ে দেয় ৩৪ রানে।
আর বাঁচা-মরার ম্যাচে নেপালকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে স্বপ্না-রাসেলরা। নেপালের বিপক্ষে আগে ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৪৯ রান। জবাবে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেটে ৪২ রানে থামে নেপালের রানের চাকা।
লর্ডসে আগামী মঙ্গলবার হবে সেমি-ফাইনাল ও ফাইনাল। বাংলাদেশ দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করা ছাড়াও আন্তর্জাতিক কংগ্রেস ও আর্ট ফেস্টিভ্যালে অংশ নেবে। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিশেষ আমন্ত্রণে তারা যোগ দেবে হাউজ অফ কমন্সের বিশেষ ডিনারেও এবং সংসদ সদস্যদের সঙ্গে খেলবে একটি প্রীতি ম্যাচ।