দুই মাসের মাথায় সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলো ব্রুনেই সরকার। মার্চে দেশটির সুলতান হাসান আল বোলকিয়া জানিয়েছিলেন সমকাম ও পরকীয়ায় জড়িত ব্যক্তিদের জনসমক্ষে পাথর ছুড়ে হত্যা করা হবে। কিন্তু ঘরে-বাইরে প্রবল চাপে পড়ে পিছু হটলেন তিনি।
রোববার বোলকিয়া জানালেন, নতুন আইনে এখনই প্রাণদণ্ড কার্যকর করা হচ্ছে না। প্রসঙ্গত, ১৯৫৭ সাল থেকে এখনো পর্যন্ত সে দেশে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
তিনি জানান, নতুন শরিয়া আইন নিয়ে অনেক প্রশ্ন ও ভুল ধারণা তৈরি হয়েছে। তবে অচিরেই এই আইনের উপযোগিতা প্রমাণিত হবে।
এই প্রথম সুলতানের তরফে সরকারিভাবে নতুন আইন সম্পর্কে কোনো ঘোষণা এলো।
এ নিয়ে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিশিয়া স্কটল্যান্ড জানিয়েছেন, মৃত্যুদণ্ডের আইন কার্যকর না হওয়াতে অত্যন্ত খুশি হয়েছেন। তবে এখনো ব্রুনেইয়ে সমকাম দণ্ডনীয় অপরাধই থাকছে, যার সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড।