কোম্পানীগঞ্জে গর্ভবতী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শনিবার সকালে গর্ভবতী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি জানান, শনিবার সকাল ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলা বাজারে এক ভাড়াটিয়া সিএনজি ড্রাইভারের অন্তঃসত্ত্বা স্ত্রীকে (১৯) ধর্ষণ করার অভিযোগে একই এলাকার শিপন (২৫) কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ভিকটিমের স্বামী জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে সে সিএনজি ট্যাক্সি চালানোর জন্য মুছাপুর বাংলা বাজারের বাসা থেকে বেরিয়ে যান। সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী শিপন তার বাসায় আসে এবং বাসায় একা পেয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে বেরিয়ে যাওয়ার সময় লোকজন তাকে আটক করে।

ধর্ষণের শিকার নারীর স্বামী আরো জানান, শনিবার দিনভর স্ত্রীর চিকিৎসায় ব্যস্ত থাকায় রবিবার থানায় মামলা রুজু করতে থানায় এসেছেন। একটি মহল তাকে মামলা না করতে হুমকি দিচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার এসআই এমরান জানান, মামলার প্রস্তুতি চলছে এবং অবশ্যই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি ধর্ষক শিপনকে জিজ্ঞাসাবাদ করেছেন।