চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে আব্দুল হালিম বাবু (২৭) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের আবু তাহেরের ছেলে। গত ২৪ এপ্রিল ভুক্তভোগী এক গৃহবধূর থানায় অভিযোগের ভিত্তিতে বাবুকে গত রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
ভুক্তভোগী ও মামলার অভিযোগ থেকে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী প্রবাসী হওয়ায় তিনি বাড়িতে দুই সন্তান ও বয়োবৃদ্ধ শাশুড়িকে নিয়ে বসবাস করেন। এই সুযোগে আব্দুল হালিম বাবু গত ১৪ এপ্রিল গভীর রাতে বাদীর বসতভিটায় গিয়ে বাদীকে ডাকাডাকি করে। এক পর্যায়ে ঘরের বাইরে আওয়াজ শুনে বাদী এবং তার শাশুড়ি ঘুম থেকে উঠে সতর্ক অবস্থায় থাকেন। এ সময় বাদী ফোনে উক্ত বিষয়টি এলাকার মহিলা মেম্বারকেও জানান এবং তার পরামর্শ নেন। এরপর বাদী তার ঘরের দরজা খুলে দিলে আব্দুল হালিম বাবু ঘরে প্রবেশ করে বাদীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ সময় বাদী আব্দুল হালিম বাবুকে আটক করলেও তিনি ওই নারীকে মারধর করে পালিয়ে যেতে সক্ষম হন। এ ব্যাপারে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, ইউপি সদস্য আব্দুল হালিম বাবুকে মিঠানালা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে আটক করা হয়।