দ্বিতীয় গণভোটের পরিকল্পনা টেরিজার

দ্বিতীয় গণভোটের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বিকল্প পরিকল্পনা করছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। পার্লামেন্টে ব্রেক্সিটের প্রথম পরিকল্পনা নাকচ হলে বিকল্প পরিকল্পনা উত্থাপিত করা হবে। তবে টেরিজা মে আশা করছেন, ব্রেক্সিট নিশ্চিতে পার্লামেন্টের এমপিরা দ্বিতীয় গণভোট এড়াতে পদক্ষেপ নেবেন। কিন্তু বিরোধী লেবার পার্টির পক্ষ থেকে এমন সম্ভাবনা বাতিল করে দেওয়া হয়েছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী টেরিজা তার মন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় গণভোট আয়োজন নিয়ে এরই মধ্যে আলোচনা করেছেন। পার্লামেন্টের এমপিদের সামনে ব্রেক্সিটের বিকল্প কমিয়ে মাত্র দুইটি প্রস্তাব রাখা হবে। একটিতে থাকবে শর্তহীন ব্রেক্সিট ও অন্যটিতে দ্বিতীয় গণভোটের মাধ্যমে ব্রিটিশ জনগণকে ব্রেক্সিট বিষয়ে আরেকবার মতামত প্রকাশের সুযোগের বিষয়টি থাকবে। তবে ব্রিটিশ সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ জানায়, লেবার পার্টির সঙ্গে আলোচনা ব্যর্থ হলেই কেবল দ্বিতীয় গণভোটের বিষয়টি সামনে আসবে। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দ্বিতীয় গণভোটের বিকল্প প্রস্তাবের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

টেরিজা মে প্রকাশ্যে দ্বিতীয় গণভোটের বিরোধিতা করছেন শুরু থেকেই। তিনি বলেছেন যে, লেবার পার্টির সঙ্গে সমঝোতা আলোচনা ব্যর্থ হলে পার্লামেন্টের সামনে বেশ কয়েকটি বিকল্প পথ খোলা থাকবে। কিন্তু সেই বিকল্প পথগুলো কী হতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এখনো।

আজ টেরিজার মন্ত্রীদের সঙ্গে লেবার পার্টির আইনপ্রণেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। উভয় পক্ষই ঝামেলা ছাড়াই ব্রেক্সিটের জন্য আলোচনা চালাবেন বলে জানানো হয়েছিল।