সুবীর নন্দী সংকটাপন্ন ফের লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

সিঙ্গাপুরে চিকিৎসাধীন সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন  ডা. সামন্তলাল সেন। অন্যদিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানকে গতকাল সোমবার সকালে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে পরিবারের পক্ষ থেকে সুবীর নন্দীর চিকিৎসার সমন্বয় করছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্তলাল সেন। গতকাল সোমবার দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘পরপর কার্ডিয়াক অ্যারেস্টের কারণে ওর (সুবীর নন্দী) অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেছে।  এখন আমাদের প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই।’

এদিকে অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হলে সকালে আমার ভাইকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়।’ এর আগে গত ২৬ এপ্রিল শ্বাসকষ্ট, পেটফাঁপা ও বমির সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। পরদিন অস্ত্রোপচার করা হয় তার। অবস্থার অবনতি হলে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত শুক্রবার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। কিন্তু ফের অবস্থার অবনতি হলো ৭৭ বছর বয়সী এ অভিনেতার।