রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে যমজ দুই বোন। পিংক ও পার্ল নামে এই দুই বোন একই সঙ্গে জিপিএ ৫ পাওয়ায় আনন্দে যেন আত্মহারা। এসএসসির ফল প্রকাশের পর গতকাল সোমবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভেতরে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে তারা। পিংক ও পার্লের বাবা-মা থাকেন সৌদি আরবে। চিকিৎসক ওই দম্পতি কাজ করেন দেশটির একটি সরকারি হাসপাতালে। সৌদি আরবেই ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে দুই বোন। পরে ২০১৫ সালে তারা বাংলাদেশে চলে আসে। সপ্তম শ্রেণিতে তারা ভর্তি হয় রাজধানীর খ্যাতনামা স্কুল ভিকারুননিসায়। দুজনে থাকে রাজধানীতে নানার বাসায়।
এর আগে ২০১৬ সালে জেএসসিতে তারা দুজনই ভিকারুননিসা স্কুল থেকে একই সঙ্গে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিল। এসএসসিতেও একই সঙ্গে গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় তাদের আনন্দের যেন সীমা নেই। খুশি তাদের পরিবার ও স্বজনরাও। সৌদিতে থাকা তাদের বাবা-মাও সন্তানদের কৃতিত্বপূর্ণ ফলাফলে খুবই খুশি বলে জানাল দুই বোন।
পিংক দেশ রূপান্তরকে বলে, ‘আল্লাহর কাছে শুকরিয়া, আমরা গোল্ডেন জিপিএ ৫ পেয়েছি। এজন্য আমরা দুজন খুবই আনন্দিত। একই স্কুল থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি, এটা অনেক মজার একটা বিষয়। আমাদের জন্য দোয়া করবেন।’
আরেক বোন পার্ল বলে, ‘এই রেজাল্ট অর্জনে আমাদের বাবা-মা, খালা ও বন্ধুদের অনেক সহযোগিতা আছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমার খালামণির অনেক অবদান আছে। সৌদি থেকে ফিরে এসে বাংলাদেশে মানিয়ে নেওয়া আমাদের জন্য অনেক কষ্টের ছিল। সব কষ্ট শেষে ভালো ফলাফল পেয়ে খুবই ভালো লাগছে।’