আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার ম্যাচ দিয়ে দারুণ একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন আম্পায়ার আলিম দার। ম্যাচটির মধ্য দিয়ে ২০০টি অফিসিয়াল ওয়ানডেতে দায়িত্ব পালন করা হবে তার।
ডাবলিনে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটির দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার। আন্তর্জাতিক ক্রিকেটে অফিসিয়াল ওয়ানডেতে ২০০ ম্যাচে দায়িত্ব পালন করা তৃতীয় আম্পায়ার হবেন তিনি।
এর আগে এমন কীর্তি গড়েছেন মাত্র দুইজন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্তজেন ও নিউজিল্যান্ডের বিলি বাওডেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২০৯টি ওয়ানডেতে পালন করেছেন কোয়ের্তজেন। সমান ২০০টি ওয়ানডেতে দায়িত্ব পালন করেন বাওডেন।
আলিম দার ২০০৪ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আম্পায়ারের এলিট প্যানেলে তালিকাবদ্ধ হন। ২০০৯ থেকে ২০১১ টানা তিন বছর নির্বাচিত হন আইসিসির বর্ষসেরা আম্পায়ার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনে এরই মধ্যে রেকর্ড গড়েছেন আলিম দার। টি-টোয়েন্টিতে এরই মধ্যে ৪৩টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ হবে ৫০ বছর বয়সী আম্পায়ার আলিম দারের পঞ্চম বিশ্বকাপ।