হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পাঁচদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার ইকের ক্যাসিয়াস। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পর্তোর এই গোলরক্ষক। তবে তার মাঠে ফেরা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
গত বুধবার সকালে দলের সঙ্গে অনুশীলন করছিলেন ক্যাসিয়াস। হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত অস্ত্রোপাচার করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
স্পেনের হয়ে একবার বিশ্বকাপ ও দুইবার ইউরো জেতা ক্যাসিয়াসের হঠাৎ অসুস্থতা ভাবিয়ে তুলে ফুটবল প্রেমীদের। তার সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থনাসূচক পোস্ট দেন তারা। রিয়াল মাদ্রিদ ও স্পেনের ফুটবলার বন্ধুরা ছাড়াও বার্সেলোনা ক্লাবেও ক্যাসিয়াসের সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।
ভক্ত-সমর্থকদের এমন ভালোবাসায় মুগ্ধ ৩৭ বছর বয়সী ক্যাসিয়াস। সবাইকে ধন্যবাদ জানিয়ে ৩৭ বছর বয়সী এই ফুটবলার বলেন, ভয়ানক পরিস্থিতির মুখে পড়লেও পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে তাঁর। আপাতত তিনি ভালো আছেন।
সুস্থ হয়ে ফিরলেও ক্যাসিয়াস ফুটবলে আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। কেননা চিকিৎসকদের দাবি, মাঠে ফিরলে আবার হার্ট অ্যাটাক হতে পারে ক্যাসিয়াসের। অন্তত চলতি মৌসুমে ঝুঁকি নিয়ে ফুটবলে তার ফেরার সম্ভবনা খুব ক্ষীণ।
কিছু দিন আগেও বলেছিলেন, ৪০ বছর পর্যন্ত খেলার ইচ্ছা ক্যাসিয়াসের। পর্তোর সঙ্গে নতুন চুক্তি নিয়েও কথা হচ্ছিল তার। এমন অবস্থায় হার্ট অ্যাটাক সব পরিকল্পনা বদলে দিয়েছে।
নিজের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদেরকে ক্যাসিয়াস বলেন, “এখন ভালো বোধ হচ্ছে। আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকব, কে জানে কয়েক মাসও হতে পারে। সত্যি হলো, আমি এ নিয়ে চিন্তা করছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে এখানে আছি সেটা। আমি জানি না ভবিষ্যৎ কী হবে।”